জনতার খবর ডেস্কঃ এসি বিস্ফোরণে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম মাসরুর আহমেদ (২৩)। রাজধানীর গুলশান থানার নিকেতন এলাকায় এ ঘটনা ঘটে। আজ ১৯ জুন রোববার সকাল সাড়ে ৯টায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন জানান, গুলশান থেকে আহত অবস্থায় এক যুবককে আমাদের এখানে নিয়ে আসা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন আগেই মারা গেছেন তিনি। মরদেহ বার্নের মর্গে রাখা হয়েছে। জানতে পেরেছি যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মাসরুর আহমেদ গুলশানের নিকেতন এলাকার তিন নাম্বার রোডের ১২৯ নম্বর বাসায় থাকত, তার বাড়ি বগুড়া জেলায়।












