বরিশাল ব্যুরো ॥
ঈদে রাজধানী থেকে বরিশাল নদী বন্দরে পৌঁছানো যাত্রীদের নগরীর দুই বাস টার্মিনাল পর্যন্ত পৌঁছে দিতে ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। আগামী ২৭ এপ্রিল থেকে এই বাস সার্ভিস শুরু হবে। সম্প্রতি এ ঘোষনা দিয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ।
তিনি বলেন, ঈদের মৌসুমে ঢাকা থেকে বরিশাল নদী বন্দরে লঞ্চগুলো পৌঁছে মধ্যরাতের পর। ওই সময় বরিশাল বিভাগের ৬ জেলার বাসিন্দাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে নানা বিড়ম্বনায় পড়তে হয়। একসঙ্গে অনেকগুলো যাত্রীবাহী লঞ্চ নদী বন্দরে নোঙ্গর করায় যাত্রীদের চাপ সৃষ্টি হয়। এর ফলে নদীবন্দর থেকে নগরীর রূপাতলী ও নথুল্লাবাদ বাস টার্মিনালসহ স্বল্প দূরত্বে যেতে সিএনজি অটোরিকশা, অটোরিকশা, রিকশা সংকটে পড়েন যাত্রীরা। বিপদে পড়েন নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা। এই সমস্যার সমাধানে যাত্রীদের স্বাচ্ছন্দে গন্তব্যে যেতে নদীবন্দর থেকে দুই বাস টার্মিনাল পর্যন্ত ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন মেয়র।
তিনি আরও বলেন, বরিশাল নদী বন্দর থেকে আগামী ২৭ এপ্রিল মধ্যরাতে শুরু হবে ফ্রি বাস সার্ভিস। পর্যাপ্ত সংখ্যক বাস এই সার্ভিসে রাখা হয়েছে। সভায় ঈদের সময়ে নৌ দুর্ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা নেওয়া এবং নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।










