খেলা ডেস্কঃ আরবের পেট্রো ডলারে সমৃদ্ধ ক্লাবগুলোর জন্য রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার মতো দলগুলোও বিপদে। ২০১৭ সালে অর্থের দাপট দেখিয়ে বিশ্বরেকর্ড গড়ে নেইমারকে ভাগিয়ে নেয় পিএসজি। এমন উদাহরণ থেকে নিজেদের রক্ষা করতে রিয়াল মাদ্রিদ তাই দলের গুরুত্বপূর্ণ তারকাদের জন্য বেঁধে দেয় বিশাল অর্থের রিলিজ ক্লজ।
সবশেষ মৌসুমে মাদ্রিদের জার্সিতে রদ্রিগোর দারুণ পারফরম্যান্সের পর তার দিকে নজর অনেকের। তাই রিয়াল মাদ্রিদ রক্ষাকবচ হিসেবে এই খেলোয়াড়ের জন্য নির্ধারণ করেছে ১০০ কোটি ইউরোর রিলিজ ক্লজ।
২০১৯ সালে পেলে ও নেইমারের ক্লাব স্যান্তোস থেকে ১৮ বছর বয়সী রদ্রিগো গোয়েসকে ৬ বছরের চুক্তিতে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকে হ্যাটট্রিক করে তাক লাগানো এই ব্রাজিলিয়ান এরই মধ্যে নজর কেড়েছেন সকলের। সবশেষ মৌসুমে রিয়াল মাদ্রিদের জোড়া শিরোপা জয়ের পথে দারুণ খেলেছেন এই তরুণ।
চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে চেলসি, সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করে অনেকটাই রিয়ালের ‘কাল্ট হিরো’র ভাবমূর্তি পেয়ে যান এই তারকা। তার দিকে নজর তাই বেশ কয়েকটি ক্লাবের।
রিয়াল মাদ্রিদও তাই এরই মধ্যে নতুন করে চুক্তি করেছে এই তারকার সঙ্গে। ২০২৫ সাল পর্যন্ত চুক্তি থাকলেও নতুন করে আবার চুক্তি করার পেছনে কাজ করেছে ক্লাবের মূল্যবান সম্পদকে ধরে রাখার ইচ্ছা। তাই বড় অংকের রিলিজ ক্লজ সেঁটে দিয়ে নিরাপদ হতে চেয়েছে স্পেনের সফলতম ক্লাবটি। নতুন চুক্তিতে রদ্রিগোর রিলিজ ক্লজ ধরা হয়েছে ১০০ কোটি ইউরো। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় ৯ হাজার ৭৪৬ কোটি টাকা।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার সংবাদকর্মী মারিও কোর্তেগেনা জানিয়েছেন, রিয়ালের সঙ্গে নতুন করে তিন বছরের জন্য চুক্তি করছেন রদ্রিগো। অর্থ্যাৎ, নতুন চুক্তি অনুযায়ী রিয়াল মাদ্রিদে ২০২৮ সাল পর্যন্ত থাকছেন এই ব্রাজিলিয়ান।
রিয়াল মাদ্রিদের সঙ্গে রদ্রিগোর চুক্তির মেয়াদ বাড়ানোর খবর মার্কায় প্রকাশিত হলে টুইটারে তা নিয়ে চলছে রসিকতা। রদ্রিগোর বতুন রিলিজ ক্লজকে বলা হচ্ছে -শেখ বিদ্বেষী। ইঙ্গিতটা পেট্রো ডলারে ফুলে-ফেঁপে ওঠা ক্লাবগুলোর আরব মালিকদের দিকেই।
মাদ্রিদের এই তারকার দিকে নজর আছে ইংলিশ লিগের বেশ কয়েকটি ক্লাবের। চ্যাম্পিয়ন্স লিগে রদ্রিগোর পারফরম্যান্সে বিদায় নেয়া ম্যানচেস্টার সিটি কিংবা নতুন করে সৌদি বিনিয়োগে প্রাণ ফিরে পাওয়া নিউক্যাসল ইউনাইটেডের মতো দলের নজর তার দিকে।
স্পেনের ফুটবলে বড় অঙ্কের রিলিজ ক্লজের উদাহরণ অনেক। গত বছর করিম বেনজেমার চুক্তি দুই বছর বাড়ানোর সময় ফরাসি তারকার রিলিজ ক্লজও ১ বিলিয়ন ইউরো বেঁধে দেয় রিয়াল। এর আগে ক্রিস্টিয়ানো রোনালদোর রিলিজ ক্লজও ছিল একই পরিমাণ।
যদিও খেলোয়াড়টি যখন মাদ্রিদ ছেড়েছিল তখন তার অনুরোধে এই ক্লজের অর্থের পরিমাণ কমিয়েছিল ক্লাবটি। বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোর রিলিজ ক্লজও এক বিলিয়ন ইউরো।
সূত্রঃ সময় টিভি।












