বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন আগামী ৩ ডিসেম্বর হচ্ছে না। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে এ সম্মেলন পেছানো হচ্ছে বলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের একাধিক সূত্রে জানা গেছে।
মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দেখা করতে গেলে তিনি এ নিদের্শনা দেন।
জানা গেছে, ডিসেম্বরের মধ্যেই ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার রাষ্ট্রীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে সম্মেলনের তারিখ চূড়ান্ত করে দেবেন।
সূত্র জানায়, আগামী ২৯ নভেম্বর রাষ্ট্রীয় সফরে জাপান যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিরবেন ৩ ডিসেম্বর। সে কারণে ৩ ডিসেম্বরের পরিবর্তে ওই মাসের অন্য কোনো দিন সম্মেলনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
সূত্র আরও জানায়, একই কারণে ৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য যুব মহিলা লীগের সম্মেলনও পিছিয়ে যাচ্ছে।
এর আগে, গত ৪ নভেম্বর ছাত্রলীগের ৩০তম কেন্দ্রীয় সম্মেলন ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। সেদিন বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।
একই সভায় যুব মহিলা লীগের সম্মেলন ৯ ডিসেম্বর অনুষ্ঠিতের সিদ্ধান্তও হয়েছিল।












