ঝালকাঠি প্রতিনিধিঃ
স্বচ্ছ, সুন্দর, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে, এ ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতা রক্ষায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ শনিবার বিকেলে ঝালকাঠিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে এক সমন্বয় সভায় এসব কথা বলেন নির্বাচন কমিশনার।
নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদারিত্ব, সততা ও সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান নির্বাচন কমিশনার। নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না বলেও কঠোর সতর্কবার্তা দেন তিনি।
জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের করণীয় বিষয়ে বিস্তারিত ও স্পষ্ট দিকনির্দেশনা দেন নির্বাচন কমিশনার।
তিনি আরও বলেন, সচ্ছ, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ইয়াসির আরাফাত সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের প্রতিনিধিরা। এ সময় ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভিজিল্যান্স টিমের কার্যক্রম এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।










