বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীর আলোচিত প্রতিবন্ধী শিশু কন্যা ধর্ষণ মালার একমাত্র আসামি মো. মজিবুর রহমান খান (৫০) ঢাকায় র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। তবে এখনো থানায় হস্তান্তর করা হয়নি।
সোমবার (৩ এপ্রিল) সকাল ১১টায় ঢাকার মিরপুরের আত্মীয় মনিরুজ্জামানের বাসা থেকে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে (মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে) মজিবুর রহমান খানকে বিশেষ অভিযান চালিয়ে র্যাবের একটি দল গ্রেফতার করে।
মঙ্গলবার দুপুরে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গ্রেফতার আসামি মজিবুর রহমান খানকে এখনো বেতাগী থানায় হস্তান্তর করা হয়নি। তবে শীঘ্রই তাকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি ।
উল্লেখ্য, গত ২৯ মার্চ বিকেল ৫টায় বেতাগী সদর ইউনিয়নে প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে আটকে রেখে ধর্ষণ করা হয়। পরে শিশুটির বাবা বাদী হয়ে (৩১ মার্চ) বেতাগী থানায় মো. মজিবুর রহমানকে একমাত্র আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।










