জনতার খবর ডেস্কঃ ঈদযাত্রা উপলক্ষে ১৮ এপ্রিল থেকে শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে ফেরি যোগে মোটরসাইকেল পারাপারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন- বিআইডাব্লিউটিসি।
গত বৃহস্পতিবার প্রকল্প পরিচালক শফিকুল ইসলামের স্বাক্ষরিত পত্রে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুসারে প্রতিদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩ ঘণ্টা পরপর দুটি ফেরি দিয়ে যাত্রী ও মোটরসাইকেল পারপার করা হবে। সংস্থাটির পরিচালক আশিকুজামান জানান, ঈদকে কেন্দ্র করে ফেরি কুঞ্জলতা ও কেটাইপ ফেরি চালু হবে। এজন্য পন্টুন ও চ্যানেলসহ যাবতীয় বিষয় প্রস্তুত করা হচ্ছে।
চাপ বাড়লে ফেরির সংখ্যা বাড়ানো হবে বলেও জানান তিনি। তবে প্রয়োজন সাপেক্ষে ও নির্দেশনা না দেয়া পর্যন্ত ফেরিতে মোটরসাইকেল পারাপার করা হবে। পারাপারে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।
এদিকে, নিরাপত্তার কারণে দীর্ঘদিন বন্ধ থাকলেও পবিত্র ঈদুল ফিতরে পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরি চলাচলের অনুমতি দেয় সেতু কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) প্রকল্প পরিচালক শফিকুল ইসলামের স্বাক্ষরিত পত্রে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পদ্মা সেতুর ২২ ও ২৩ এবং ৩৮ ও ৩৯ পিলারের মধ্য দিয়ে ফেরি সার্ভিস চালানোর অনাপত্তি প্রদান করে সেতু কর্তৃপক্ষ।












