ফেনি প্রতিনিধিঃ
মায়ের সামনে মেয়েকে ধর্ষণের মামলায় ১৯ বছর পর তিন জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একওই সঙ্গে প্রত্যেকের ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় একজনকে খালাস দেয়া হয়েছে।
১৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ওসমান হায়দার এ আদেশ দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) ফরিদ আহমদ হাজারী বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সুলতানপুর গ্রামের আবুল কালামের ছেলে জাহাঙ্গীর আলম, একই গ্রামের ফকির আহাম্মেদের ছেলে আবুল কাশেম ও নাজিরপুর গ্রামের আবদুর রশিদের ছেলে লাতু মিয়া। তারা তিন জনই পলাতক রয়েছেন।
খালাস পাওয়া ব্যক্তির নাম মোহাম্মদ ফারুক। তিনি নাজিরপুর গ্রামের রসুল আহাম্মেদের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন থেকে ২০০৩ সালের ১৩ মে রাতে মা-মেয়েকে তুলে নিয়ে যান জাহাঙ্গীর আলম, আবুল কাশেম, লাতু ও মোহাম্মদ ফারুক। পরে মাকে বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে মেয়েকে ধর্ষণ করে। এরপর এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন।
ঘটনার তদন্ত শেষে ওই বছরের ১২ আগস্ট সোনাগাজী থানার তৎকালীন উপপরিদর্শক নুরুল ইসলাম চার আসামির বিরুদ্ধেই চার্জশিট প্রদান করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে আদালত এ রায় দেন।










