জনতার খবর ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে এলে নির্বাচনকালীন সরকারে তাদের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার চিন্তা করতো সরকার। কিন্তু তাদের অবস্থান ভিন্ন মেরুতে। দলটি নির্বাচনেও আসবে না, নির্বাচন হতেও দেবে না। এ অবস্থায় তাদেরকে আমন্ত্রণ জানানোর সুযোগ নেই বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।
৭ মে রবিবার বনানীর সেতু ভবনে আয়োজিত বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে এসব কথা বলেন তিনি ।
সেতুমন্ত্রী বলেন, পাকিস্তান ছাড়া পৃথিবীর কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই। সংবিধান অনুসারে নির্বাচন হবে এবং নির্বাচন কমিশন স্বাধীনভাবে তা পরিচালনা করবে।
তিনি বলেন, বিএনপিকে নির্বাচনে জেতানোর নিশ্চয়তা দিতে পারবে এমন পক্ষপাতদুষ্ট তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছে তারা। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, অভ্যন্তরীণ গণতন্ত্রের বিষয়ে বিদেশিদের কোনো চাপ নেই।












