জনতার খবর ডেস্কঃ দেশে গণতন্ত্রের মুখোশ পরা বিএনপি একটি সাম্প্রদায়িক তালেবানি চক্র বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। ২০ আগস্ট শনিবার বেলা ১১টায় বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জাসদের বিভাগীয় প্রতিনিধি সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, শুধু বিএনপিই নয়; জামায়াত-হেফাজত তালেবানি চক্র। এ দুই চক্রের মিলনে দেশে তালেবানি শাসন কায়েম ও অস্বাভাবিক একটি সরকার তৈরির পাঁয়তারা চলছে, যা রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ। দেশের জনগণের যাপিত জীবনকে পুঁজি করে তারা ঘোলা পানিতে ক্ষমতা দখলের পাঁয়তারায় লিপ্ত।
তিনি আরও বলেন, দেশের সংবিধান বিচারবহির্ভূত হত্যা স্বীকার করে না। জাতিসংঘের প্রতিনিধিদল যে মানবাধিকার রক্ষার কথা বলেছে সরকারও সেই পক্ষে। এসব বিষয় পুঁজি করে যারা সরকার অদলবদলের স্বপ্ন দেখছেন, তারা বোকার স্বর্গে বসবাস করছেন।












