বরিশাল প্রতিনিধিঃ
রমজানের শুরু থেকে অদ্যবর্ধি প্রায় প্রতিদিনই বিভাগীয় শহর থেকে শুরু করে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে বিএনপির উদ্যোগে ইফতার পার্টি অনুষ্ঠিত হচ্ছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সিটি নির্বাচনকে সামনে রেখে বিএনপির ইফতার পার্টি নেতাকর্মীদের একত্রিত করে আগামীর আন্দোলন সংগ্রামের জন্য চাঙ্গা করার কৌশল বলে দাবি করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সবশেষ বরিশাল সরকারি জিলা স্কুল মাঠে গত ৫ এপ্রিল বিকেলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিসহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ওই ইফতার মাহফিলে লন্ডন থেকে সরাসরি ভার্চুয়ালে যুক্ত হয়ে নেতাকর্মীদের আগামীদিনের রাজনৈতিক বিষয়ে করনীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ইফতারপূর্বক অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, আওয়ামী লীগের অধীনে এ দেশে সুষ্ট ভোট হবেনা। তাই এ সরকারের হাত থেকে গণতন্ত্র উদ্ধার করে জনগণের কাছে ফিরিয়ে দিয়ে নির্বাচন করা হবে।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের সঞ্চলনায় ইফতারপূর্বক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, এবায়েদুল হক চাঁন, আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, ঢাকা দক্ষিণ যুবদলের সভাপতি জহির উদ্দিন তুহিন প্রমুখ। অনুষ্ঠানে বরিশাল, খুলনা, নড়াইল, যশোর, ঝালকাঠী, বরগুনা, পিরোজপুর ও ভোলা জেলার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন। তাই এ নির্বাচনের পূর্বে আকস্মিকভাবে নগরীতে ইফতার মাহফিলে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের জড়ো করার বিষয়টি একটি কৌশল। নির্বাচনে অংশগ্রহণ কিংবা আগামীর আন্দোলন সংগ্রামের জন্য নেতাকর্মীদের চাঙ্গা করতেই এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।










