বঙ্গোপসাগর ও বাঁশখালীতে টানা ৪৮ ঘণ্টা অভিযান চালিয়ে ১২ দস্যুকে গ্রেফতার করেছে র্যাব। আসামিরা সম্প্রতি বঙ্গোপসাগরে ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত বলে জানিয়েছে র্যাব।
১০ সেপ্টেম্বর শনিবার বিকালে চট্টগ্রাম নগরীর চান্দগাও র্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব সেভেনের অধিনায়ক লে. কর্ণেল এম এ ইউসুফ জানান, ১২ জলদস্যুর কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, তিন হাজারের বেশি লুট করা ইলিশ ও বিপুল পরিমাণ মাছ ধরার জাল এবং ডাকাতির কাজে ব্যবহৃত নৌকা জব্দ করা হয়েছে।
গত ২৬ আগস্ট রাতে আনোয়ারার গহিরা থেকে সন্দ্বীপের কাছাকাছি কালিয়ারচর এলাকায় বঙ্গোপসাগরে ৯টি নৌকায় ডাকাতি করে প্রায় এক কোটি টাকার ইলিশ লুট করে দস্যুরা।
এই ঘটনার পর র্যাব জানতে পারে, জলদস্যু বহনকারী ১টি বোট সাগরে বিভিন্ন মাছ ধরার বোটে ডাকাতি করছে। এই তথ্যের ভিত্তিতে র্যাবের ২টি চৌকষ আভিযানিক দল ও র্যাব ফোর্সেস সদর দপ্তরের গোয়েন্দা শাখার একটি আভিযানিক দলের সমন্বয়ে গভীর সমুদ্রে গত ৮ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘ ৪৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করে করে ১২ জন জলদস্যুকে আটক করে। পরবর্তীতে আটককৃতরা জিজ্ঞাসাবাদে র্যাবকে জানায়, তারা ১৬টি বোটে ডাকাতি করেছে।










