অনলাইন ডেস্কঃ মিজানুর রহমান আজহারীকে নিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দেয়ায় ফেনীর ফুলগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান পিয়াসের পদ স্থগিত করে জেলা শাখা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০১৯ সালের ৪ ডিসেম্বর ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীকে নিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছিলো রাকিবুল হাসান। রাকিবুল হাসান পিয়াসের স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হলো “লজ্জিত ফেনীবাসী। আপনাকে (মিজানুর রহমান আজহারী) এত কিসের ভয় যে আপনার মাহফিল বন্ধ করে দেয়! সমস্যা নাই। আপনি কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। আপনার বিরুদ্ধে যারা কাজ করতেছে তাদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করে।”
উক্ত কমিটি ঘোষণার পরপরই আলোচনায় আসে। এর আগের গত বৃহস্পতিবার রাতে সম্মেলন শেষে রাকিবুল হাসান পিয়াসকে সভাপতি ও ফারুক হোসেন বাপ্পিকে সাধারণ সম্পাদক করে ফুলগাজী উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। ২৮ মে শনিবার জেলা ছাত্রলীগের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে ফুলগাজী উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মো. রাকিবুল হাসান পিয়াসের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগ ফুলগাজী উপজেলা শাখার নবগঠিত কমিটি স্থগিত ঘোষণা করা হলো। আরো তদন্তের স্বার্থে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হলো। তারা হলো- মো. হাসান, মো. শাহিন ও তুহিন সারোয়ার। উক্ত তদন্ত কমিটিকে আগামী ০৭ কার্যদিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন ফেনী জেলা ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।










