খেলা ডেস্কঃ গত বছর পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। ১৯ সেপ্টেম্বর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়ানোর ঠিক আগ মুহূর্তে সফরটি স্থগিত করে ব্ল্যাক ক্যাপসরা। নিরাপত্তাহীনতার অভিযোগ দিয়ে পাকিস্তান থেকে দেশে ফিরে যায় কেন উইলিয়ামসনরা। তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অনুরোধেও সিরিজটি খেলেনি কিউইরা। তবে না খেলায় যে ক্ষতি হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তা আদায় করে নিয়েছে তারা।
পিসিবি চেয়ারম্যান রমিজ রাজাও ছাড়ার পাত্র নন, শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছ থেকে ক্ষতিপূরণ নিয়ে ছেড়েছেন তিনি। আর ক্ষতিপূরণ আদায় করার অন্যতম কারণ হলো- পাকিস্তানে গিয়ে ফিরে আসায় ইংল্যান্ডও তাদের পুরুষ ও নারী দল পাকিস্তানে পাঠানো থেকে সরে যায়। এতে আর্থিকভাবে ব্যাপক ক্ষতি হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের।
ওই সফরের পরই পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা ঘোষণা দিয়েছিলেন, নিউজিল্যান্ডকে ক্ষতিপূরণ দিতে বলবেন তারা। বিষয়টি এখন সমাধান করা হয়েছে। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে বলা হয়েছে- হোটেল বুকিং, নিরাপত্তা, বিপণন, সম্প্রচার ইত্যাদিসহ আর্থিক ক্ষতির জন্য ক্ষতিপূরণ প্রদান করেছে নিউজিল্যান্ড। তবে ক্ষতিপূরণের পরিমাণ প্রকাশ করেনি পিসিবি কিংবা কোনো সংবাদ মাধ্যম। সূত্র বরছে, বেশ মোটা অংকের ক্ষতিপূরণ পেয়েছে পাকিস্তান।
এদিকে ক্ষতিপূরণ ছাড়াও নতুন সিরিজের প্রস্তাব পেয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অক্টোবরে ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজ খেলতে আমন্ত্রণও গ্রহণ করেছে পাকিস্তান। সব ঝামেলা মিটে যাওয়ার পর এবার নিউজিল্যান্ড সফর করবে পাকিস্তান। ইংল্যান্ডের সাথে সিরিজ তারিখ নির্ধারণ করার পরই নিউজিল্যান্ড সফর নিশ্চিত করবে তারা।
অন্যদিকে, অক্টোবরে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে করবে নিউজিল্যান্ড। চলতি বছরের শেষ দিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড। সফরে তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট খেলবে তারা। পরে ২০২৩ সালের এপ্রিলে পাঁচটি টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলবে কিউইরা।












