অনলাইন ডেস্কঃ পদ্মা সেতুর উদ্বোধনের জন্য এসএসসি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এসেছে। পরীক্ষার রুটিন অনুযায়ী আগামী ২৫ জুন ইংরেজি ২য় পত্র পরীক্ষা ছিল। তবে এদিন পদ্মা সেতু উদ্বোধনের তারিখ হওয়ায় সেই পরীক্ষা ২৫ জুনের পরিবর্তে ২৪ জুন অনুষ্ঠিত হবে। ১২ জুন রোববার শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রুটিন অনুযায়ী এসএসসি পরীক্ষা ১৯ জুন শুরু হয়ে শেষ হবে আগামী ৬ জুলাই। সব পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এসএসসিতে তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে না এ বছর শিক্ষার্থীদের। বিষয়গুলো হলো- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ধর্ম, বাংলাদেশ ও বিশ্বপরিচয়।
এসএসসিতে বিভাগভেদে বাংলা, ইংরেজি, গণিত, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষিশিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা, পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ, ভূগোল ও পরিবেশ, উচ্চতর গণিত, হিসাববিজ্ঞান, জীববিজ্ঞান, অর্থনীতি বিষয়ে পরীক্ষা হবে।
এবার বাংলা (আবশ্যিক) প্রথমপত্র ও সহজ বাংলা প্রথমপত্র ১৯ জুন, বাংলা (আবশ্যিক) দ্বিতীয়পত্র ও সহজ বাংলা দ্বিতীয়পত্র ২০ জুন, ইংরেজি (আবশ্যিক) প্রথমপত্র ২২ জুন ও ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্র ২৪ জুন (সংশোধিত), গণিত (আবশ্যিক) ২৭ জুন, গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষিশিক্ষা (তত্ত্বীয়), সংগীত (তত্ত্বীয়), আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) এবং চারু ও কারুকলা (তত্ত্বীয়) ২৮ জুন, পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং ৩০ জুন, রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ আগামী ২ জুলাই, ভূগোল ও পরিবেশ ৩ জুলাই, উচ্চতর গণিত (তত্ত্বীয়) ৪ জুলাই, হিসাববিজ্ঞান ৫ জুলাই, জীববিজ্ঞান (তত্ত্বীয়) এবং অর্থনীতি পরীক্ষা ৬ জুলাই অনুষ্ঠিত হবে।












