অনলাইন ডেস্কঃ জেএসসি ও জেডিসি পরীক্ষা এবছর নেয়া হচ্ছে না। এবছর এই দুই পাবলিক পরীক্ষা না হলেও গত দুই বছরের ন্যায় ক্লাস মূল্যায়নের মাধ্যমে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে। আজ ২৯ মে রবিবার বিকেলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ১৯ জুন থেকে এসএসসি ও দাখিল এবং ২২ আগস্ট থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব লিখিত পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা শেষ করতে অক্টোবরের শেষ পর্যন্ত চলে যাবে।
নভেম্বরে এসে ৩০ লাখ শিক্ষার্থীর জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়া তো অনেক কষ্টকর হবে। তাছাড়া নতুন কারিকুলামে জেএসসি-জেডিসি পরীক্ষার কোন অস্তিত্ব থাকবে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ করে এ দুই পরীক্ষার আয়োজন করতে গেলে শিক্ষা বোর্ডগুলোর জন্য তা হবে অত্যন্ত কষ্টকর। তাই চলতি বছরেও জেএসসি-জেডিসি পরীক্ষা না নেওয়ার সুপারিশ করেছে শিক্ষাবোর্ড গুলো।












