ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় “ব্র্যাক শিক্ষা তরী” কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ ১ অক্টোবর মঙ্গলবার দুপুরে কাঠালিয়া সদর ক্লিনিকের পিছনে আউরা খালের ঘাটে এ ভাসমান শিক্ষা তরী কার্যক্রমের উদ্বোধন করেন কাঠালিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। এ সময় তিনি বিজ্ঞান, গণিত ও মূল্যবোধ- এই তিনটি তরী ঘুরে দেখেন এবং তরীতে অংশ নেয়া শিক্ষার্থীদের সাথে কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক।
ব্র্যাকের জেলা সমন্বয়ক রিসান রেজা মোঃ সাহেদ-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির প্রজেক্ট ম্যানেজার প্রদীপ কুমার রায় ও কর্মসূচি সংগঠক মো: সোহেল মোল্লা। জেলা সমন্বয়ক জানান, শুধুমাত্র শুক্রবার এবং সরকারী ছুটি ব্যতীত আগামী ১৪ অক্টোবর অব্দি নোঙর করা ঘাটে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত তরীগুলো প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
ব্র্যাক শিক্ষা কর্মসূচির আওতায় পরিচালিত তরীগুলো গণিত, বিজ্ঞান ও মূল্যবোধ বিষয়ক নানা উপকরণ যেমন: ভগ্নাংশের হিসাব, জ্যামিতিক পরিমাপের বাস্তবিক প্রয়োগ, বাস্তব জীবনে বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের প্রয়োগ, সাপলুডুর মাধ্যমে মূল্যবোধ শিক্ষা ইত্যাদি আকর্ষণীয় উপকরণের মাধ্যমে সাজানো। আনন্দের সাথে, খেলার ছলে এবং তাত্তি¡ক জ্ঞানের প্রয়োগ ঘটিয়ে তরীগুলোতে গিয়ে শিক্ষার্থীরা যাতে হাতে-কলমে শেখার সুযোগ পায় সেই ব্যবস্থা রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তরীগুলো পরিদর্শন শেষে বলেন, “ব্র্যাকের কার্যক্রমটি নিঃসন্দেহে প্রশংসাযযোগ্য এবং ছাত্রছাত্রীদের জন্য উপকারী। কার্যক্রমটি স্থানীয় শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান লাভের সুযোগ করে দিয়েছে।”










