আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ধাক্কা কাটতে না কাটতেই এবার আফগানিস্তানে আঘাত হেনেছে ভূমিকম্প। আজ ১৩ই ফেব্রুয়ারি সোমবার স্থানীয় সময় সকাল ৬ টা ৪৭ মিনিটে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ফায়জাবাদে ভূমিকম্পটি আঘাত হানে। তবে এতে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। খবর- হিন্দুস্তান টাইমস‘র।
ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। এ সময় ফায়জাবাদ ছাড়াও দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূকম্পন অনুভূত হয়।
এনসিএস টুইট করে আরো জানায়, ৩৬ সেকেন্ড ধরে চলা এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ফায়জাবাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, মাটি থেকে ১৩৫ কিলোমিটার গভীরে।
এদিকে গত ৬ই ফেব্রুয়ারি ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। এই ভূমিকম্পে দুই দেশে মোট মৃতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। হতাহতের সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রায় ১০০ দেশ এরই মধ্যে তুরস্ক ও সিরিয়ায় উদ্ধারকারী দলসহ বিভিন্ন সাহায্য পাঠিয়েছে। পুরোদমে চলছে উদ্ধারকাজ। তুরস্কে ১০টি প্রদেশে ক্ষতি হয়েছে। এখনো অনেক জায়গায় পৌঁছতে পারেননি উদ্ধারকারী দল।












