জনতার খবর ডেস্কঃ এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ৫ জুন রোববার সচিবালয়ে এক প্রেস কনফারেন্সে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা হচ্ছে না। শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের শ্রেণি মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে।
মন্ত্রী আরও বলেন, অষ্টম শ্রেণীর পাবলিক পরীক্ষা আর নেওয়া হবে না। তবে , সরকার কোন সিদ্ধান্ত নিলে পরে সেটা জানানো হবে। এখন আর এ পরীক্ষা নেওয়ার সময় ও প্রয়োজন নেই জানিয়ে তিনি বলেন, এবার ক্লাস মূল্যায়ণের মাধ্যমে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে।
সাংবাদিকদের মন্ত্রী বলেন, নতুন কারিকুলামে জেএসসি-জেডিসি পরীক্ষা কোনটিই থাকছে না। ২০২৩ সালে এ পরীক্ষার প্রয়োজনীয়তা দেখছি না। তাই আর অষ্টম শ্রেণির পাবলিক পরীক্ষা নেওয়া হবে না। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, এনটিআরসিএ’র চেয়ারম্যান এনামুল কাদের খান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।












