পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) থেকে পদত্যাগ করেছেন বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ শরিফ বলেছেন, ইমরানের খেলা শেষ।
গতকাল শুক্রবার পাঞ্জাব প্রদেশের ভেহারি এলাকায় এক অনুষ্ঠানে সমাবেশে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।
গত ৯ মে দুর্নীতির মামলায় ইমরানের গ্রেপ্তারের পর সহিংসতা ছড়িয়ে পড়ে পাকিস্তানে। এরপর তার দলের নেতা-কর্মীদের ধরপাকড় শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। জেল থেকে বের হওয়ার পর ওই সহিংসতার ঘটনার নিন্দা জানিয়ে পদত্যাগ করেন ফাওয়াদ চৌধুরী, মুসাররাত পারভেজ চিমার মতো পিটিআইর বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে সহিংসতার পর এ পর্যন্ত ৭০ জনের বেশি নেতা ও আইনজীবী ইমরানের দল থেকে পদত্যাগ করেছেন।
এমন পরিস্থিতিতে ইমরানের সমালোচনা করে মরিয়ম বলেন, নেতা নিজেই শিয়াল হলে হলে জনগণ কীভাবে তাকে সমর্থন করবে? আপনারাই এখন বুঝিয়ে দিচ্ছেন যে, ইমরানই ৯ মে ঘটনার মূল পরিকল্পনাকারী।
এদিকে দলের নেতাদের পদত্যাগের জন্য সেনাবাহিনীকে দায়ী করেছেন ইমরান। তার অভিযোগ, সেনাবাহিনীর ধরপাকড় ও চাপে পড়ে নেতারা পদত্যাগ করছেন।












