জনতার খবর ডেস্কঃ ডিজেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে সরকার নির্ধারিত নতুন ভাড়ার চাইতে বেশি নিলে বাসগুলোকে ডাম্পিংয়ের পাশাপাশি এগুলোর রুট পারমিট বাতিল করা হবে বলে সতর্কবার্তা দিয়েছেন সড়ক পরিবহন সচিব মো. নজরুল ইসলাম। রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ১১ নভেম্বর বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।
সড়ক পরিবহন সচিব বলছেন, ডিজেলের দাম বাড়ার পর ডিজেলচালিত বাসগুলোর জন্য নতুন ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখন আর বাড়তি ভাড়া নেওয়ার কোনও সুযোগ নেই। সেজন্য বিআরটিএ ও মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মনিটর করা হচ্ছে।
এ কার্যক্রম চলবে জানিয়ে নজরুল ইসলাম বলেন, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পেলে আপাতত আর্থিক জরিমানা ও বাড়তি ভাড়ার টাকা যাত্রীদের ফেরত দেওয়া হচ্ছে। এরপরও বাড়তি ভাড়া নিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে সচিব বলেন, ওই বাসকে ডাম্পিং করাসহ রুট পারমিট বাতিল করা হবে।
নতুন ভাড়া কার্যকরে ব্যবস্থা নিতে কাজ করছে বিআরটিএ, পুলিশ, পরিবহন মালিক ও শ্রমিকরা। প্রথমে টার্মিনালের কাউন্টারগুলোতে নতুন ভাড়ার তালিকা যাচাই করা হয়। পরে সিটি সার্ভিসের বাসগুলো পরীক্ষা করে দেখা হয়। এগুলোর মধ্যে সিএনজিচালিত বাসে বিআরটিএর পক্ষ থেকে স্টিকার লাগানো হয়। বৃহস্পতিবার বাড়তি ভাড়া আদায় করায় ৬টি বাসকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সূত্রঃ বাংলা ভিশন।












