বরিশাল প্রতিনিধিঃ কার্তিক মাসের শেষ ভাগেই বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলজুড়ে শীতের আমেজ পড়েছে। শীতের সঙ্গে এবার রয়েছে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। তাই প্রয়োজন হয়ে পড়েছে বাড়তি সতর্কতার। নগরীজুড়ে শীতের জামাকাপড়ের বড় দোকানগুলোতে যতটা ভিড়, ততটাই ভিড় ফুটপাতের দোকানে। কোথাও কোথাও দেখা যায় ফুটপাতেই ক্রেতার ভিড় বেশি। ইতোমধ্যে জমে উঠেছে নগরীর ফুটপাতের শীতের কাপড়ের বাজার।
সরেজমিনে দেখা গেছে, বরিশাল সিটি করর্পোরেশন সংলগ্ন জেলা পরিষদের পুকুরের পাশজুড়ে অবস্থিত ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতে নিন্ম ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা শীতের বস্ত্র কেনার জন্য হুমরি খেয়ে পরেছে। এছাড়াও নগরীর সিটি মার্কেট, মহাসিন মার্কেটে দেদারছে বিক্রি হচ্ছে নতুন ও পুরাতন জ্যাকেট, সোয়েটার, শার্ট, প্যান্ট, কম্বলসহ নানা ধরণের শীতের পোশাক।
খোঁজনিয়ে জানা গেছে, প্রতিবছর শীতের সময়ে ফুটপাতে ক্ষুদ্র ও মাঝারি কাপড় ব্যবসায়ীরা উৎসবমুখর পরিবেশে ব্যবসা শুরু করেন। অনেক ভ্রাম্যমাণ বিক্রেতারা ভ্যানে করে পাড়া ও মহল্লা ঘুরে শীতের পোশাক বিক্রি শুরু করেছেন।
ব্যবসায়ীরা জানিয়েছেন, ফুটপাতে বিক্রি করা শীতবস্ত্রের দাম সস্তা ও ভাল মানের হওয়ায় গ্রামাঞ্চল থেকে অনেক মানুষ ছুটে আসেন বরিশালের ফুটপাতের দোকানগুলোতে।










