ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে পশ্চিম রাজাপুর ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের জরাজীর্ণ অবস্থা। ভবনের ভেতরে ও বাইরের অনেকাংশে খসে পড়ছে পলেস্তারা। ভেঙে গেছে জানালা। বর্ষাকালে পানি পড়ে। এরপরও ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পাঠদান। আতঙ্কে দিন পার করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। ফলে কমে গেছে শিক্ষার্থী উপস্থিতির সংখ্যাও।

বিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ, জুনিয়া, মুন্নি, জামিলা জানায়, স্কুলের ভাঙা কক্ষে ক্লাস করতে ভয় হয়। এ কারণে অনেক সময় স্কুলে আসি না।
অভিভাবকরা জানান, স্কুলের যে অবস্থা যে কোনো সময় ভেঙে পরতে পারে। বাচ্চাদের স্কুলে পাঠিয়ে আতঙ্কে থাকতে হয়। তাই মাঝে মধ্যে সন্তানদের স্কুলে যেতে বারণ করেন। নতুন ভবনের দাবি জানান তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম চাঁন জাগো নিউজকে বলেন, ভবনটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। যার কারণে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা আতঙ্কে রয়েছে। এখন অভিভাবকরা আর তাদের বাচ্চাদের স্কুলে পাঠাতে চায় না। নতুন ভবনের দাবি জানান তিনি।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুনিবুর রহমান জাগো নিউজকে বলেন, ওই বিদ্যালয় সম্পর্কে আমাকে কেউ জানায়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে বিস্তারিত জানবো।










