ঝালকাঠি প্রতিনিধিঃ
৫৪ বছরের ষড়যন্ত্রের জাল ছিঁড়ে অবমুক্ত করা হয়েছে ঝালকাঠির শতবছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী কেন্দ্রীয় কালীবাড়ির নাট মন্দির। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারি ডাক্তার এস এম জিয়া উদ্দিন হায়দার, স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতাদের সহযোগিতায় মন্দিরটি দখলমুক্ত হওয়ায় আনন্দ প্রকাশ করেছে মন্দির কমিটি ও জেলা হিন্দু সমাজ।
প্রেস ব্রিফিং করে জানানো হয়, প্রতিক্রিয়াশীল চক্রের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে মন্দিরটির নাট মন্দির অবমুক্ত করা সম্ভব হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) ড. জিয়াউদ্দিন হায়দার-এর নির্দেশ এবং ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন ও জেলা পরিষদ প্রশাসক তথা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. মোঃ শাহাদাৎ হোসেনের প্রত্যক্ষ সহযোগিতায় এই উদ্ধার কাজ সম্পন্ন হয়।
শ্রী শ্রী কালীবাড়ি মন্দির কমিটি ও জেলা হিন্দু সমাজের পক্ষ থেকে উদ্ধারকাজে ভূমিকা রাখা সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। একই সাথে মন্দিরটি অবমুক্ত করতে শুরু থেকেই সার্বিক সহযোগিতা প্রদান করায় ঝালকাঠির অসাম্প্রদায়িক মুসলিম সমাজের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়।
ব্রিফিংয়ে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঝালকাঠি শ্রী শ্রী কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে আসন্ন শারদীয় দুর্গোৎসবে অংশগ্রহণের জন্য বিনম্র আমন্ত্রণ জানানো হয়েছে।