ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে আন্তঃজেলা বাস, মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় নিহত এবং স্বাভাবিক মৃত্যুবরণকারী পাঁচ শ্রমিকের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
১ অক্টোবর বৃহস্পতিবার সকালে ঝালকাঠি বাস, মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাকক্ষে এ সহায়তা প্রদান করা হয়।
শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রনি, সহ-সভাপতি মো. আব্দুল জলিল সিকদার, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত সুপারভাইজার আল মামুন (মনির)-এর পরিবারকে ৫০ হাজার টাকা এবং স্বাভাবিক মৃত্যুবরণকারী চার শ্রমিকের পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা দেওয়া হয়।
এ সময় শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. টিপু সুলতান বলেন, ডিউটি চলাকালে কোনো শ্রমিক সড়ক দুর্ঘটনায় আহত হলে তার চিকিৎসার ব্যয় ইউনিয়নের পক্ষ থেকে বহন করা হয়। এছাড়া কোনো শ্রমিক দুর্ঘটনায় নিহত হলে তার পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
এ সময় ইউনিয়নের নেতারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ইউনিয়নের আয় নিয়ে অনিয়ম ও লুটপাট করা হয়েছে। বর্তমানে শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের কল্যাণে সাধ্যমতো কাজ করে যাচ্ছে।