ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে গত ২৪ ঘন্টায় সদর উপজেলার দিয়াকুল এলাকা থেকে ৬ হাজার মিটার জাল ও ৭.২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত ইলিশ মাছ এতিমখানায় প্রদান করা হয়েছে। এ নিয়ে গত মা ইলিশ সংরক্ষন অভিযান শুরু হওয়ার পর থেকে ১৫টি মোবাইল কোর্টের আওতায় ৩৭টি অভিযান পরিচালিত হয়েছে।
৯ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে এবং ৩৩ হাজার মিটার জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে। যার মূল্য ৭ লাখ ১৪ হাজার টাকা। অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। অভিযান শুরুর ১দিন পর থেকেই জেলেরা চোরাগুপ্তা ইলিশ আহরণে চেষ্টা করছে। তবে মৎস্যবিভাগ ও জেলা প্রশাসনের অব্যাহত মোবাইল কোর্ট থাকায় জেলেরা গোপনে কিছু জাল ফেলে কৌশলে মাছ ধরার অসৎ উদ্দেশ্য সফল করার চেষ্টা করছে।
সরকার ২২ দিনের ইলিশ আহরণ বন্ধ থাকাকালীন জেলার ৩ হাজার ৫৫৭জন জেলে পরিবারের জন্য ৯৩.৯৩ মেট্রিকটন চাল বরাদ্দ দিয়েছে। এখন পর্যন্ত ৬০.৩৮ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। ঝালকাঠি সদরে ৭৫৬জন জেলেদের জন্য ১৮.৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে এবং এখন পর্যন্ত ১৩ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।
সর্বাধিক রাজাপুর উপজেলায় ১ হাজার ৭৪জন জেলেদের ২৬.৮৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে এবং এখন পর্যন্ত জেলেদের মধ্যে ২২.৬০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। নলছিটি উপজেলায় ৯৯৮জন জেলে পরিবারের জন্য ২৪.৯৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে তবে এই উপজেলায় এখন পর্যন্ত মাত্র ১.৫৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।
কাঠালিয়া উপজেলায় ৯২৯জন জেলেদের জন্য ২৩.২৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে এবং এই উপজেলায় সকল জেলেদের মধ্যে বরাদ্দকৃত চাল বন্টন করা হয়েছে।










