ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে জেলার ৪টি উপজেলার পূজা মন্ডব পরিচালনাকারীদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল বেলা ১২টায় ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্্ গুল নিঝুমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন, সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান ও নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ঝালকাঠি পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর ডাঃ অসিম কুমার সাহা, সাধারণ সম্পাদক তরুন কর্মকার। অন্যদের মধ্যে বিভিন্ন মন্দির কমিটির পূজা মন্ডব পরিচালনাকারীদের মধ্যে কয়েকজন পরামর্শমূলক বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক পূজা মন্ডবগুলি আর্থিক দিক বিবেচনা করে প্রতিটি পূজা মন্ডবে এবছর জেলা প্রশাসনের পক্ষ থেকে ২.৫ মেট্রিক টন খাদ্যশস্য বিশেষ সহায়তা হিসেবে প্রদানের ঘোষনা প্রদান করেছেন। এই অর্থ দিয়ে পূজা মন্ডবগুলি সিসি ক্যামেরা এবং জরাজীর্ণ মন্ডবগুলি সংস্কার করা যাবে। যাতে করে পূজা উদযাপন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত করা যায় এবং পূজা মন্ডবগুলির নিরাপত্তাসহ সার্বিক বিষয় গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল জানান, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রতিকে বিনষ্ট করার জন্য অতিতেও একশ্রেণির চক্র বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারকে বিতর্কে জড়ানোর জন্য বিভিন্ন অপতৎপরতা চালিয়েছিল। এই বিষয়গুলিকে সামনে রেখে এবছর ৪টি স্তরের নিরাপত্তাবলয় তৈরি করা হচ্ছে। যাতে কোন ধরণের বিশৃঙ্খলাকারী ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টকারীদেরকে প্রতিহত এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার পদক্ষেপ নেয়া হচ্ছে। বাংলাদেশে এই সাম্প্রদায়িক সম্প্রতির ভাবমূর্তি কোনভাবেই ক্ষুন্ন হতে দেয়া যাবে না।










