আতিকুর রহমান, ঝালকাঠিঃ-
বাংলার আপেল খ্যাত দক্ষিণাঞ্চলের পেয়ারা রাজ্য ঝালকাঠির ভীমরুলী ভাসমান পেয়ারার হাটে “ফ্রি ওয়াইফাই জোন” ব্যবস্থা করা হয়েছিলো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এ ওয়াইফাই স্থাপন করা হয়েছিলো। কৃষকদের পণ্য বিক্রি, আগত পর্যটকসহ সবার জন্য ইন্টারনেট সুবিধা দিতে এ প্রকল্প চালু হয়েছিলো।
কিন্তু ওয়াইফাই বিল সঠিকভাবে পরিশোধ না করায় সেটি দীর্ঘদিন ধরে অচল রয়েছে। যার ফলে এ মহতি উদ্যোগ এখন আর কোন কাজে আসছে না।
তথ্যানুসন্ধানে জানাগেছে, ২০২০ সালের ১৭ জুন ভীমরুলী ভাসমান পেয়ারা বাজার এলাকাটিকে সরকারের টেলিযোগাযোগ ফ্রি ওয়াই-ফাই জোন হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এ এম জিয়াউল আলম। ঢাকাস্থ মন্ত্রণালয় বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই জোনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এর আগে ঝালকাঠির এই ভাসমান পেয়ারা বাজার দেখতে এসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ফ্রি ওয়াই-ফাই জোন করার প্রতিশ্রæতি দিয়েছিলেন এবং উদ্বোধনের মাধ্যমে তার প্রতিশ্রæতি বাস্তবায়ন করা হয়েছে।
সরকারের কৃষি ও কৃষকের উন্নয়নে গৃহিত পদক্ষেপে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পেতে ভিমরুলি গ্রাম ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় এনে কৃষকদের জন্য কৃষি পরামর্শ এবং পর্যটকসহ সবার জন্য সব রকম ইন্টানেটের সুবিধা দেয়া হয়েছিলো।
টেলিযোগাযোগ ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে ভাসমান পেয়ারার হাটে আগত কৃষকরা পেয়ারাসহ অন্যান্য উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে ক্রেতাদের সাথে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কথা বলা এবং বাজার দর, পেয়ারার রোগের চিকিৎসা, পেয়ারার চাষের প্রযুক্তি ও বিপণনের বিষয় তথ্য জানাতে এ ব্যবস্থার আয়োজন করা হয়েছিলো । একই সাথে আগত পর্যটকরা এই অঞ্চলের পেয়ারা চাষ এবং তাদের সমস্যার বিষয় সামাজিক যোগাযোগ ব্যবহার করে বিশ^বাসীকে পরিচিত করাই ছিলো ওয়াইফাই স্থাপনের মূল উদ্যেশ্য।
কির্ত্তিপাশা ইউপির সাবেক চেয়ারম্যান ও পেয়ারাচাষী ভবেন হালদার জানান, মহৎ উদ্যেশ্য নিয়ে সরকার ওয়াইফাই স্থাপন করলেও বিল পরিশোধ না করায় অকেজো হয়ে পড়েছিলো। পরবর্তিতে বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হওয়ায় ওয়াইফাই সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠান নিয়ে যায়। সঠিক রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে তা ভেস্তে গেছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের প্রোগ্রামার ফিরোজ আলম জেহাদি জানান, ইনফো সরকার ৩ প্রকল্পের আওতায় “ভেন্ডর” নামের এক কোম্পানী ওয়াইফাই সরবরাহ ও স্থাপন করে। ২০২০ সালের ১৭ জুন ভীমরুলী ভাসমান পেয়ারা বাজার সংলগ্ন একটি ভবনে এটি স্থাপন করা হয়। ওই কোম্পানী চুক্তি অনুযায়ী একবছরের বিল প্রদান করে।
পরবর্তিতে প্রকল্প শেষ হলে উপজেলা থেকে বিল পরিশোধের সিদ্ধান্ত হইছিলো। কিন্তু উপজেলা পরিষদ নাকি উপজেলা নির্বাহী কর্মকর্তার আওতায় বিল পরিশোধ হবে এই নিয়ে টানাটানিতে তা আর বাস্তবে রূপ না নেয়ায় ওয়াইফাই সার্ভিস বন্ধ হয়ে যায়। এরপর বজ্রপাতে ওয়াইফাই মেশিনটি ক্ষতিগ্রস্ত হলে সংস্কারের জন্য নেয়া হয়। বিল পরিশোধের দায়িত্ব কেউ না নেয়ায় এটিকে আর সচল করা সম্ভব হয়নি বলেও জানান প্রোগ্রামার ফিরোজ জেহাদি।










