মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বঙ্গোপসাগরে টানা ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা উঠছে আগামী ২৩ জুলাই। দীর্ঘ বিরতির পর সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি চলছে বরগুনার উপকূলীয় জেলে পল্লি গুলোতে। কেউ নতুন করে জাল বুনছেন, কেউ পুরোনো জাল মেরামত করছেন। চঞ্চলতা ফিরেছে জেলে পল্লিতে। ২৩ তারিখ রাত ১২:০১ মিনিটের সময় সাগরে নামার প্রস্তুতি চলছে।
উপকূলীয় জেলেরা জানান, গভীর সমুদ্রে যাওয়ার জন্য ট্রলার মেরামত করছেন। পাশাপাশি নুতন জাল ও পুরোনো জাল বুনছেন। তাঁদের আশা, এ বছর সাগরে প্রচুর ইলিশ ধরা পড়বে। তবে ভরা মৌসুমে নদ-নদীতে ইলিশ না পাওয়ায় সমুদ্রে পাবে কি না—এ নিয়ে জেলেদের মধ্যে হতাশাও বিরাজ করছে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে বরগুনা জেলায় নিবন্ধিত জেলে রয়েছেন ৪৭ হাজার ৪৪০ জন। এঁদের মধ্যে সবচেয়ে বেশি জেলে রয়েছেন পাথরঘাটা উপজেলায়। এ উপজেলায় ১৪ হাজার ৩৫০ জন জেলে নিবন্ধিত।
অনিবন্ধিত আরও কয়েক হাজার জেলে রয়েছেন বলে জানা গেছে ।
একাধিক জেলেরা জানান, ৬৫ দিন ইলিশ ধরা বন্ধ থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়েছে। সরকার থেকে যে সহায়তা দেওয়া হয়, তা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে বলেও জানান তারা।
২৩ জুলাই গভীর রাত পর্যন্ত অবরোধ চলবে। নিষিদ্ধ সময়ে যাতে জেলেরা সমুদ্রে না যান, সে জন্য নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের সমন্বয়ে জোরদার টহল চলছে।










