মোঃ শাকিল আহমেদ, বামনা, বরগুনা প্রতিনিধি।
বরগুনায় ছড়িয়ে পড়েছে গরুর লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ভাইরাস। এ রোগ মহামারীর মতো সংক্রমিত হওয়ায় খামারী ও কৃষকদের মাঝে দেখা দিয়েছে হতাশা। মারা যাচ্ছে অনেক গরু। জরুরী সেবা দিতে বন্ধ করা হয়েছে বরগুনা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি। চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। দ্রুত ছড়িয়ে পড়ছে গ্রাম থেকে গ্রামে। এলএসডি ভাইরাসের সংক্রমণের ফলে গরুর শরীরে দেখা দিচ্ছে জ্বর ও গোটাসহ নানা উপসর্গ। হাসপাতালে ভিড় করছে চিকিৎসা সেবা নিতে আসা খামারী ও কৃষক। গ্রাম থেকে গ্রাম মহামারী আকারে ছেয়ে যাচ্ছে। কুরবানি সামনে থাকায় বিপাকে পড়েছে খামারী ও কৃষকরা।।
প্রত্যেকটি বাড়িতেই রয়েছে আক্রান্ত গরু। বিশেষকরে ছোট বাছুরগুলো আক্রান্ত হচ্ছে বেশি । রোগের সংক্রমণ ও গরুর মৃত্যু হওয়ায় বড় ধরনের লোকসানে পড়ছেন খামারীরা।
গ্রামের সালাম মৃধা জানান, কুরবানিতে বিক্রির জন্য রেখেছিলেন একটি গরু, এলএসডি আক্রান্ত হওয়ায় সে সম্ভাবনাটুকুও মিলিয়ে গেছে। খামারী নাজির আহম্মেদ বলেন, আমার ৪টি গরুর সবকটিই আক্রান্ত, তবে তার মধ্যে একটা খুব বেশি অসুস্থ, ঘাস-পানি কিছুই খাচ্ছে না। কৃষক জামাল জানান তার ৪টি গরুর সবকটিই আক্রান্ত। তবে খামারীদের ধারণা, যথাযথ চিকিৎসা পেলে এ সংকট অচিরেই কেটে যাবে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: হাবিবুর রহমান বলেন, বরগুনার সর্বত্র ছড়িয়ে পড়েছে এলএসডি ভাইরাস। ভাইরাস জনিত রোগ হওয়ায় এন্টিবায়োটিক প্রয়োগসহ যথাযথ চিকিৎসা দিতে পারছেন না ডাক্তাররা। জরুরী মুহূর্তে দ্রুত চিকিৎসা দেয়ার জন্য বন্ধ করা হয়েছে কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি। প্রচুর বৃষ্টি হলে এ রোগের প্রাদুর্ভাব অনেকটা কমে যাবে বলে আশা করছি।
|
|










