রিয়াজুল ইসলাম সজিব : মঠবাড়িয়া প্রতিনিধি,
দৈনিক মানবজমিন ও ৭১ টিভির জামালপুরের বকশিগঞ্জ প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের খুনিদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাব।
শনিবার (১৭ জুন) বেলা ১০ টায় পৌরশহরের শহীদ মিনার সম্মুখ সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাব সহ বিভিন্ন সংগঠনের সাংবাদিকদের অংশগ্রহনে মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান শরীফ, মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি নাজমুল আহসান কবির এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মর্তুজা হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল আকন,সহ-সভাপতি আইউব আলী হাওলাদার,সহ-সভাপতি আফজাল হোসেন, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হাওলাদার, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদক শামিমা সুলতানা রোজি, সাংবাদিক সাইদুল ইসলাম, রিয়াজুল ইসলাম সজিব প্রমুখ।
বক্তারা সারা দেশে বিভিন্ন সময়ে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে জোরালো পদক্ষেপ দাবি করেন। এছাড়াও ব্যানার ও ফেস্টুন টাঙিয়ে সাংবাদিক নাদিম হত্যায় জড়িত সকল খুনিদের অবিলম্বে গ্রেফতার পূর্বক সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
সংবাদ প্রকাশকে কেন্দ্র করে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম (গোলাম রব্বানি নাদিমের) উপর ক্ষুব্ধ হয়ে হুমকি ধামকি দিয়েছিল এবং আগেও তিনি নানাভাবে হেনস্তা করার চেষ্টা করেছেন। এরপর নাদিম তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে একটি লাইভ করেন। এতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রশাসনের নিকট সার্বিক নিরাপত্তা চেয়েও শেষ রক্ষা হয়নি নাদিমের। ১৪ জুন রাতে সংবাদ সংগ্রহ শেষে বাসায় ফেরার পথে হত্যার উদ্দেশ্যে চেয়ারম্যান বাবু ও তাঁর পুত্র ১৪-১৫জন নিজ দলীয় কর্মী ও সাঙ্গোপাঙ্গ নিয়ে সাংবাদিক নাদিমের মোটরসাইকেল থামিয়ে তার উপর নেক্কারজনক হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে চিকিৎসারত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জুন মারা যান।










