বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
জেলার বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি ইউনিয়নের চামটা নতুন বাজারে সোমবার দিবাগত ভোররাত তিনটার দিকে ভয়াবহ অগ্নিকান্ডে সাতটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান সম্পূর্ন ভস্মিভূত হয়েছে। এ সময় ঘুমন্ত অবস্থায় সাগর চন্দ্র পাল (২৮) নামের এক মুদি দোকানির মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা আব্দুল কুদ্দুস জানান, রাত তিনটার দিকে নতুন বাজারে আগুন লাগার বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে আমাদের ও বরগুনার বেতাগী ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ করে।
তিনি বলেন, আগুনে মুদি দোকান, ফলের দোকান, চায়ের দোকান, ফার্মেসিসহ সাতটি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। পাশাপাশি মুদি দোকানের মধ্য থেকে ব্যবসায়ী সাগর চন্দ্র পালের পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। নেয়ামিত ইউনিয়নের ঢালমারা গ্রামের বলরাম চন্দ্র পালের ছেলে মৃত সাগর রাতে তার নিজের দোকানে ঘুমাতেন।
পুরো অগ্নিকান্ডের ঘটনায় আনুমানিক ২৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়ে ফায়ার স্টেশনের এ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবি করেছেন তাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাকেরগঞ্জ থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, ব্যবসায়ী সাগর চন্দ্র পালের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।










