খেলা ডেস্কঃ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ইংল্যান্ডে। আগামী ৯, ১২ ও ১৪ মে চেমসফোর্ডে হবে বিশ্বকাপ সুপার লিগের আওতাধীন ম্যাচ তিনটি। সিরিজ শুরুর আগে ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম টাইগার্স।
দুই ভাগে ভাগ হয়ে ইংল্যান্ড গিয়েছে বাংলাদেশ দল। টিম ম্যানেজমেন্টের বেশিরভাগ সদস্যকে নিয়ে প্রথম বহর ৩০ এপ্রিল রবিবার গভীর রাতে দেশ ছাড়ে। সে সফরে শান্ত ও রাব্বিসহ পাঁচ ক্রিকেটার সঙ্গী হন। সোমবার (১ মে) সকালে অধিনায়ক তামিম, মুশফিক ও মেহেদি মিরাজসহ সাত ক্রিকেটারকে নিয়ে দ্বিতীয় বহর রওয়ানা দেয়।
১৫ সদস্যের স্কোয়াডের বাকি তিন ক্রিকেটার সাকিব, লিটন ও মুস্তাফিজ চেমসফোর্ডে দলের সঙ্গে পরে যোগ দেবেন। পারিবারিক জরুরি প্রয়োজনে আইপিএল ছেড়ে দেশে চলে আসা লিটন আজ রাতে লন্ডনগামী বিমান ধরবেন।
মুস্তাফিজেরও দিল্লি ক্যাপিটালস ছেড়ে আজ রাতে ভারত ত্যাগ করার কথা। যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটানো সাকিব প্রস্তুতি ম্যাচের আগেই চেমসফোর্ডে উপস্থিত থাকবেন। আয়ারল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজটি দিয়েই বিশ্বকাপ সুপার লিগের খেলা শেষ করবে বাংলাদেশ।
গত মাসে বাংলাদেশ সফর করে যাওয়া আইরিশরা ওয়ানডে সিরিজ ২-০’তে, টি-টোয়েন্টি সিরিজ ২-১ ও একমাত্র টেস্ট ম্যাচ ৭ উইকেটে হেরেছে।












