জনতার খবর ডেস্কঃ পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ শ্রমশক্তি জরিপে বলছে, চলতি বছরের প্রথম তিন মাসে দেশে ২ লাখ ৭০ হাজারের মতো বেকার বেড়েছে। এরফলে দেশে বেকার মানুষের সংখ্যা এখন ২৫ লাখ ৯০ হাজার। চলতি বছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ সময়কালে এই হিসেব করা হয়েছে।
জরিপ অনুযায়ী আগের প্রান্তিকে কর্মহীন মানুষের সংখ্যা ছিলো ২৩ লাখ ২০ হাজার। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসি সম্মেলন কেন্দ্রে এ সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরা হয়। এতে জানানো হয়, বছরের প্রথম প্রান্তিকে দেশের শ্রমবাজারে কর্মক্ষম মানুষ ছিলেন ৭ কোটি ৩৬ লাখ।
এর মধ্যে কাজ পেয়েছিলেন ৭ কোটি ১১ লাখের মতো। বাকি ২৫ লাখ ৯০ হাজার মানুষ সপ্তাহে এক ঘন্টার জন্যে হলেও টাকার বিনিময়ে কোনো কাজ পাননি। কর্মরত জনগোষ্ঠীর ৪৫ ভাগই কৃষি কাজে নিয়োজিত। সেবা খাতে আছে ৩৮ ভাগ। আর শিল্পে ১৭ ভাগ মানুষ কাজ করছে। হিসেব বলছে, তিন মাসের ব্যবধানে শিল্প ও সেবায় কর্মী বাড়লেও কমেছে কৃষিতে।












