বরিশাল প্রতিনিধিঃ
এসি ও ফ্যান একসঙ্গে চালানোকে কেন্দ্র করে বরিশাল নগরের ভাটিখানা এলাকার জোড় মসজিদে মুসল্লিদের মধ্যে বাকবিতÐার ও হামলার ঘটনা ঘটেছে। এতে মসজিদ কমিটির সেক্রেটারি ইউনুস আলীসহ তার দুই ভাই গুরুত্বর আহত হয়েছেন। আহতদের বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার রাতে তারাবির নামাজ আদায় শেষে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং হামলার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচ জনকে আটক করে।
আটকরা হলেন ওই এলাকার বাসিন্দা সুলতান আহম্মেদ খানের ছেলে সাজোয়ান খান (৩৫), আসাদুজ্জামানের ছেলে নাইম ইসলাম (২৬), আ. মান্নান খানের ছেলে মহিবুল (২৮), সাজ্জাদ কবিরের ছেলে সাজ্জাদ সাইম নিশান (২৯) ও ইদ্রিস আলী খানের ছেলে মিরাজ খান (৩৪)।
আহত ইউনুস আলী বলেন, রোববার রাতে মসজিদে তারাবির নামাজের সময় এসি ও ফ্যান চালানো নিয়ে মুসলিদের একটি অংশ উশৃঙ্খল কথাবার্তা শুরু করে। নামাজ শেষে এ নিয়ে তিনি কথা বলতে গেলে রাজ্জাক খান ও সুলতান খান বাকবিতÐায় লিপ্ত হন। এরই ধারাবাহিকতায় মসজিদের ভেতর বসেই আমাকে ও আমার ভাইদের ওপর হামলা চালান তারা। এ সময় মুসল্লিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও পরবর্তীতে মসজিদ থেকে বের হওয়ার সময় রাজ্জাক খানের ছেলে বাবু ও সুলতান খানের ছেলে সাজওয়ান খানসহ ১০-১৫ জন মিলে আমাদের ওপর পুনরায় হামলা চালান ও মারধর করেন।
বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা পাঁচজনকে আটক করে থানায় নিয়ে এসেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










