জনতার খবর ডেস্কঃ পঞ্চম জাতিসংঘ সম্মেলনের দ্বিতীয় পর্বে (এলডিসি-৫) যোগ দিতে শনিবার (৪ মার্চ) কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে কাতারের আমিরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।
সম্মেলনে জ্বালানিখাতে সহযোগিতার বিষয়টি তুলে ধরবে ঢাকা। স্বল্পোন্নত দেশগুলোকে নিয়ে পঞ্চম এই জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হবে। ২ মার্চ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন বলেন, আগামী ৫ থেকে ৯ মার্চ কাতারের দোহায় স্বল্পোন্নত দেশগুলোকে নিয়ে ৫ম জাতিসংঘ সম্মেলনের (এলডিসি-৫) দ্বিতীয় পর্ব আয়োজিত হবে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে এ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।












