আন্তর্জাতিক ডেস্কঃ প্রকাশ্য রাস্তায় নেচে ভিডিও করেছিলেন এক ইরানি দম্পতি। পরে সেই ভিডিও প্রকাশ করেন সামাজিক মাধ্যমে। এই অপরাধে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে ওই দম্পতির। স্থানীয় গণমাধ্যমের তথ্য বলছে, তাদের দুর্নীতি, পতিতাবৃত্তির প্রচারের অভিযোগ তুলে দোষী সাব্যস্ত করা হয়েছে। ভিডিওটিতে ওই দম্পতিকে তেহরানের আজাদি টাওয়ারে নাচতে দেখা গেছে।
২১ বছরের তরুণী আস্তিয়াজ হাকিকি এবং তার স্বামী ২২ বছরের আমির মোহাম্মদ আহমাদিকে ‘দুর্নীতি’ ও পতিতাবৃত্তি প্রচার, জাতীয় নিরাপত্তা এবং প্রতিষ্ঠান বিরুদ্ধে প্রচারের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। গ্রেপ্তারের আগে ফ্যাশন ডিজাইনার হিসাবে পরিচিত হাকিকির বাড়িতে অভিযান চালানো হয়েছিল। এটা স্পষ্ট নয় যে, তাদের পৃথক দোষের জন্য কতদিনের সাজা হবে।
নীতি পুলিশের হাতে আটক মাশা আমিনির মৃত্যুর পরে বিক্ষোভে জড়িত এমন ব্যক্তিদের দেশের কর্তৃপক্ষ কঠোর শাস্তি দিচ্ছে। যদিও এই দম্পতি তাদের নাচকে ইরানে চলমান বিক্ষোভের সাথে যুক্ত করেননি।
বিবিসি বলছে, ওই ইরানি দম্পতিকে গ্রেফতার করা হয়েছিল তারা তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করার পর। ইনস্টাগ্রামে তাদের ফলোয়ার প্রায় ২০ লাখ।
গত বছরের সেপ্টেম্বরে পুলিশ হেফাজতে মাহসা আমিনি (২২) মারা যাওয়ার পর সরকার বিরোধী বিক্ষোভ, যাকে ইরানের সরকার ‘দাঙ্গা’ আখ্যা দিয়েছে সারা দেশে ছড়িয়ে পড়ে।
তবে যদি রায় বহাল থাকে, তাহলে তাদের শাস্তির মেয়াদ দীর্ঘ হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, তাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং দেশ ছাড়ার জন্য নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছিল।












