ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় সমাজকল্যান মন্ত্রণালয়ের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তর ১ বছরে প্রায় ৭০ হাজার পরিবারকে সামাজিক নিরাপত্তা বেষ্টনির মধ্যে রেখে বিভিন্ন ভাতা প্রদান করে এদের জীবনযাত্রার মান ধরে রেখেছে। শুধুমাত্র বয়ষ্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যাক্ত ভাতা, প্রতিবন্ধী ভাতা, অনগ্রসর জনগোষ্ঠী, বেদে জনগোষ্ঠী, হিজরা জনগোষ্ঠীর বিশেষ ভাতার কার্যক্রম, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি কার্যক্রমে ৬৬ হাজার ৬৫৭জন জনগোষ্ঠীর জন্য বছরে ৪৬ কোটি ৫৪ লাখ ১৮ হাজার টাকা ব্যয় করা হচ্ছে।
এর মধ্যে ৩৪ হাজার ৪০৫জন বয়ষ্ক ভাতা, ১৫ হাজার ৯৪৯জনকে বিধবা ও স্বামী পরিত্যাক্ত ভাতা, ১৫ হাজার ৭৩জনকে প্রতিবন্ধী ভাতা, ৪৩২জনকে অনগ্রসর জনগোষ্ঠীকে ভাতা প্রদান উল্লেখযোগ্য। এছাড়াও ঝালকাঠি সরকারি শিশু নিবাসে ৮০জনকে মাসিক ২৬০০ টাকা হারে খরচ বাবদ বছরে ২ কোটি ৪৯ লাখ ৬ হাজার টাকা ব্যয় করা হচ্ছে। এছাড়া গরিব ও দুঃস্থদের ২৩৫০জনকে ৮লাখ ৬ হাজার ৯৪৯টাকার হাসপাতালের ঔষুধ ও চিকিৎসাক্ষেত্রে ব্যয় করা হচ্ছে। জেলায় বছরে ৬৮৪জন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রক, প্যারালাইজ্ড, জন্মগত হৃদরোগীদের ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান বাবদ ৩ কোটি ৪২ লাখ টাকা ব্যয় করা হচ্ছে।
ভিক্ষাবৃত্তি নিরসন কার্যক্রমে ১লাখ জেলা সমাজকল্যান পরিষদে ৫ লাখ, উপজেলা সমাজকল্যান পরিষদে ২ লাখ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পূনর্বাসন কার্যক্রমে ৩ লাখ, সাধারণ অনুদান খাতে ৪ লাখ ৭০ হাজার টাকা, শহর সমাজসেবা পরিষদে ২ লাখ টাকা, ৪টি রোগী কল্যান সমিতিতে ১০ লাখ ৩০ হাজার টাকা ও অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির মাধ্যমে ৭৫ হাজার টাকা ব্যয় করা হয়েছে।
সমন্নিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষাকার্যক্রমে ১০টি অনুমোদিত আসনে ১০ জন নিবাসীদের খরচ ব্যয় করা হচ্ছে। এছাড়াও জেলায় ৫১টি এতিম খানায় ১ হাজার ৬৫৭জন এতিমদের জন্য বছরে ৩ কোটি ৯৪ লাখ ৮ হাজার টাকা ব্যয় করা হচ্ছে। সবমিলিয়ে জেলায় সমাজসেবা অধিদপ্তর বছরে প্রায় ৮০ হাজার পরিবারকে এই বেষ্টনির ২৭টি কার্যক্রমে অন্তর্ভূক্ত করে প্রায় ৭০ কোটি টাকা ব্যয় করছেন। ঝালকাঠি জেলা সমাজসেবা অধিদপ্তরে প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।










