বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির দুর্গম পার্বত্য এলাকা থেকে জঙ্গিগোষ্ঠী জামাআতুল আনসার ফিল হিন্দাল শারকীয়া’র প্রধান অস্ত্র সরবরাহকারী কবীর আহমেদকে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম এন্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম-সিটিটিসি।
অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান জানান, কবীরের দেয়া অস্ত্রে এর আগে বান্দরবানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করেছে সংগঠনটির সদস্যরা। গত অক্টোবরে বান্দরবানে নতুন জঙ্গী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকীয়ার প্রশিক্ষণ ক্যাম্পে অভিযান চালায় র্যাব।সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
সেসময় বিপুল পরিমান অস্ত্রসহ দশজন এবং পরবর্তী সময়ে বিভিন্ন জায়গা থেকে মোট ৩৮ জনকে গ্রেপ্তার করে র্যাব। এবার নাইক্ষ্যংছড়ি থেকে জামাআতুল আনসার ফিল হিন্দাল শারকীয়া’র প্রধান অস্ত্র সরবরাহকারী কবীর আহমেদকে গ্রেপ্তার করেছে সিটিটিসি।
তার কাছ থেকেও বিভিন্ন ধরনের অস্ত্র, গোলাবারুদ ও আইইডি তৈরীর সরঞ্জাম জব্দ করা হয়েছে। তার দেয়া তথ্যে ঢাকা থেকে আরও দুই জঙ্গীকে গ্রেপ্তার করেছে সিটিটিসি। ৯ জানুয়ারি সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিটিটিসির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, বান্দরবানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষের সময় কবীরের দেয়া অস্ত্রই ব্যবহার করা হয়েছে।
আসাদুজ্জামান জানান, ইতিমধ্যে দেশী-বিদেশী অস্ত্রের মজুদ করেছে সংগঠনটি। আগামীতে জিহাদের প্রস্তুতি নিচ্ছে তারা। সংগঠনটির শীর্ষ নেতা শামীম মাহফুজ গ্রেপ্তার ইমরানের মাধ্যমে অর্থ সরবরাহ করতো। আর ইয়াছিন ছিলো শামীম মাহফুজের ঘনিষ্ঠ সহযোগী।










