নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে উপজেলা বিএনপির সভাপতি সম্পাদকসহ ৭৯ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। গতরাতে (শনিবার রাতে) পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধরণ সম্পাদক জুয়েল খান বাদী হয়ে নলছিটি থানায় এ মামলা দায়ের করেন।
মামলায় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল ও সাধারণ সম্পাদক সেলিম গাজীসহ ২৯ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত ৫০ জনকে আসামি করা হয়েছে এ মামলায়।
মামলার বিবরণে জানা যায়, রাতে নলছিটি ফেরিঘাট সংলগ্ন চর বহরমপুর এলাকার একটি মসজিদে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিল। খবর পেয়ে ৮ থেকে ১০ জন আওয়ামী লীগ নেতাকর্মী সেখানে গেলে তাদের মারধর করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এক পর্যায়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ্য করে চারটি ককটেল নিক্ষেপ করে। এতে মামলার বাদী জুয়েল খান আহত হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।










