বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের বাকেরগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে আটক করেছে পুলিশ। ঘটনার পর পুলিশ বাকেরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বলেন, আটককৃতদের থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িতদের আটক করতে সাড়াশি অভিযান চলছে।
আটককৃতরা হলেন, বাকেরগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রুবেল, যুবদল নেতা রায়হান এবং গারুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসবক দলের সভাপতি মিজানুর রহমান টিটু।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে বাকেরগঞ্জ পৌরসভার টিঅ্যান্ডটি রোড মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় লাল স্কচটেপ মোড়ানো বিস্ফোরিত জর্দার কৌটা উদ্ধার করা হয়।
ঘটনার পরপরই পুলিশ ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে। এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা দায়ের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।










