ঝালকাঠি প্রতিনিধিঃ
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য শেখ হাসিনার প্রতি এ অঞ্চলের মানুষের কৃতজ্ঞ থাকা উচিৎ। দক্ষিণাঞ্চলের মানুষের জন্য পদ্মাসেতু ও পায়রা বন্দর করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পায়রা তাপ বিদ্যুতকেন্দ্র করা হয়েছে। এর সুবিধা দক্ষিণাঞ্চলের মানুষ পাবে। তাই সারা জীবন এ অঞ্চলের মানুষ শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ থাকা উচিৎ। আগামী নির্বাচনে এর প্রতিদান স্বরূপ নৌকায় ভোট দিয়ে আবার তাকে ক্ষমতায় আনতে হবে।
আজ সোমবার বিকেলে নলছিটির সুবিদপুর বিজি ইউনিয়ন স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সুধী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,বিগত সরকারের আমলে দেশে কোন উন্নয়ন হয়নি, গ্রামের রাস্তাঘাট হয়নি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে রূপান্তর করেছেন। সারাদেশের রাস্তাঘাট, সেতু-কালভার্ট নির্মান করে দিচ্ছেন। উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারো সকলকে নৌকায় ভোট দিতে আহব্যন জানান সাবেক এ মন্ত্রী।
সুধী সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিমোঃ গিয়াশ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির,জেলা আওয়ামী লীগ সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান প্রমুখ।
এর আগে এমপি আমির হোসেন আমু ফলক উন্মেচন করে সুবিদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের শুভ উদ্বোধন সহ একটি প্রাথমিক বিদ্যালয় ও তিনটি সড়ক উদ্বোধন করেন।










