রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে এক মাদকসেবীর দেওয়া আগুনে ৬টি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের উত্তর উত্তর সাউথপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাদকসেবী বাপ্পি হাওলাদার (২৮) ঘটনার পর থেকে পলাতক রয়েছে। অগ্নিকাণ্ডে তাঁদের বাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সে ওই গ্রামের সাবেক ইউপি সদস্য কবির হাওলাদারের ছেলে।
আগুনে পুড়ে যাওয়া ৬টি বাড়ির মালিকরা হলেন, সাবেক ইউপি সদস্য কবির হাওলাদার, আতিকুর রহমান ওরফে ফারুক, প্রয়াত আলম হাওলাদার ও তাঁর ভাই টিপু হাওলাদার, শিমুল হাওলাদার এবং জেসমিন বেগম। এলাকাবাসী জানায়, সাবেক ইউপি সদস্য কবির হাওলাদারের ছেলে বাপ্পি হাওলাদার একজন মাদক সেবী। কিছুদিন আগে একটি মাদক মামলায় পুলিশের সহায়তায় তাঁর বাবা তাঁকে জেলহাজতে পাঠায়। সম্প্রতি সে জামিনে বেরিয়ে এসে বিভিন্ন সময় মাদকের টাকার জন্য তাঁর বাবাকে ডাক চাপ দিতে থাকে।
আজ বিকেলে মাদক সেবনের জন্য তাঁর বাবার কাছে টাকা চায়। টাকা না দেওয়ায় তাঁদের রান্নাঘরে জ্বলন্ত চুলার লাকড়ি দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে তাঁদের বাড়িসহ আশপাশের ৬টি বাড়ি পুরে সম্পূর্ণ ছাই হয়ে যায়। পরে রাজাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে ভুক্তভোগী আতিকুর রহমান ওরফে ফারুক বলেন, মাদকসেবী বাপ্পি হাওলাদার মাদকের টাকার জন্য নিজেদের রান্নাঘরে আগুন লাগিয়ে দেয়। এতে আমার বাড়িসহ ৬টি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।
আগুন লাগিয়ে দিয়ে সে এলাকাবাসীকে বলতে থাকে, এবার বাবাকে মারার ব্যবস্থা করেছি। অপর ভুক্তভোগী কামরুজ জামান শিমুল বলেন, অগ্নিকাণ্ডে আমাদের বাড়িতে থাকা প্রবাসী ভাইয়ের স্ত্রীর ১০ ভরি স্বর্ণসহ মূল্যবান মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। এ বিষয়ে কবির হাওলাদার কোন মন্তব্য করতে চাননি। রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আবদুল খালেক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










