ঝালকাঠি প্রতিনিধি::
ঝালকাঠি জেলা দায়রা জজ আদালত মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় জালাল মাঝিকে (৫৫) ১২ বছরের সশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায় আরো ৬ মাসের দন্ডাদেশ প্রদান করেছেন। ২১ নভেম্বর সোমবার আদালতে বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম আসামীর উপস্থিতিতে রায় ঘোষণা করেন। জালাল মাঝি ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী।
২০১৭ সালে ১৯ মে দিবাগত রাত দেড়’টায় ঝালকাঠি ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জনৈক মোঃ কামরুল খলিফার বসতবাড়ির পাশে ইয়াবা বিক্রি করাকালিন জালাল মাঝির হেফাজত থেকে ৬৭০পিস ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে ডিবির এস আই মোঃ জাকির হোসেন বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন।
ডিবি পুলিশের এসআই আমিনুল ইসলাম ২০১৭ সালের ১৭ জুন আদালতে চার্জশীট দাখিল করে। আদালত ৮জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন। সরকারের পক্ষে পিপি আব্দুল মন্নান রসুল মামলা পরিচালনা করেন।










