বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশস্থল ও আশপাশের এলাকায় মোবাইল ফোনে ইন্টারনেট-সেবা বিঘ্নিত হচ্ছে।
শনিবার (৫ নভেম্বর) দুপুর থেকে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এই সমাবেশ শুরু হয়, এর আগে থেকেই বিভিন্ন অপারেটরের সিমকার্ড ব্যবহারকারীরা ফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। তবে ফোনে ইন্টারনেট ব্যবহার না করা গেলেও ওয়াইফাইয়ের সংযোগ দিয়ে অনলাইনে যোগাযোগ করতে পারছেন গ্রাহকেরা।
এ নিয়ে কোনো ফোন কোম্পানির বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এক জায়গায় অনেক মানুষের সমাবেশ ঘটায় এ ঘটনা ঘটতে পারে।
স্থানীয় গণমাধ্যমকর্মী নাজমুল হক বলেন, ‘সকাল থেকে মোবাইল ফোনের ইন্টারনেট-সেবা গ্রহণ করতে পারছেন না। এতে কোনো ছবিও অফিসে পাঠাতে পারিনি। দুপুরের পরে ব্রডব্যান্ডের ইন্টারনেট-সেবা প্রতিষ্ঠানে গিয়ে ছবি পাঠাতে হয়েছে।’










