বরিশাল প্রতিনিধিঃ
টানা ২২ দিনের অপেক্ষা শেষে আজ শুক্রবার মধ্যরাত ১২ টায় উঠে যাচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা। ইতিমধ্যে মাছ শিকারের জন্য নৌকা মেরামত আর জাল বুনানোর সকল প্রস্তুতি শেষ দক্ষিণাঞ্চলের জেলেরা। দীর্ঘ ২২ দিনপর বৃহত্তর বরিশার বিভাগের মেঘনা, তেতুলিয়া আড়িয়াল-খাঁ,সন্ধ্যা, সুগন্ধা, বিষখালী, পায়রা, লোহালিয়া, ধানসিঁড়ি, কালাবদর, বলেশ্বর নদীতে দীর্ঘ এই বিরতি শেষে আবারও নদীতে নামবেন জেলেরা। ফলে শনিবার (২৯ অক্টোবর) সকালেই দক্ষিণাঞ্চলের হাটবাজার গুলোতে দেখা মিলবে মাছের রাজা রুপালী ইলিশ।
এদিকে এ বছর নদীতে সরকারি নিষেধাজ্ঞা থাকায় অধিকাংশ জেলে মাছ ধরা থেকে বিরত থাকলেও এ অঝে কিছু অসাধু জেলে মাছ শিকারে লিপ্ত ছিল। চলতি বছর মা ইলিশ রক্ষা অভিযান সফল হয়েছে বলে মনে করছেন মৎস্য বিভাগ। ভবিষ্যতে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
জেলে আব্দুর রহিম বলেন, ‘আমরা সরকারের নিষেধাজ্ঞা সব সময় পালন করি। মূলত আমরা বড় নৌকায় গুল্টিজাল বাই। নিষেধাজ্ঞার সময় নদী থেকে জাল ও নৌকা তুলে মেরামতে ব্যস্ত সময় পার করি। আমাদের এই ২২ দিন পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটাতে হয়েছে। সরকার এই বছর ২০ কেজির যায়গায় ২৫ কেজি চাল বরাদ্দ দিয়েছে। তারপরও আমরা ২৫ কেজি পাইনি। ২৫ কেজির যায়গায় ২২-২৩ কেজি করে দিয়েছে। শুধু কি চাল দিয়েই সংসার চলে, সাথে আরও অনেক কিছু দরকার। এ কারনেই অনেক জেলে নদীতে নেমে পড়ে।’
এদিকে জেলেদের একাংশের মধ্যে ক্ষোভও বিরাজ করছে। তারা মা ইলিশ রক্ষার সময়ে মাছ ধরা থেকে বিরত থাকলেও এক শ্রেণির অসাধু জেলে নির্বিচারে মা ইলিশ ধরায় এই ক্ষোভ প্রকাশ করেন। যে কারণে তারা এখন নদীতে নেমে ইলিশ পাওয়া না পাওয়ার শঙ্কায় আছেন।
বরিশালের জেলে পাড়াগুলোতে ঘুরে দেখা গেছে জেলেরা ইলিশ ধরার জন্য নতুন জাল প্রস্তুত করে নৌকা নিয়ে শুধু সময় শেষের অপেক্ষা করছে তারা।
জেলা মৎস্য কর্মকর্তা বলেন, মা ইলিশ রক্ষা অভিযান আমরা সফলভাবে সম্পন্ন করেছি। নিষেধাজ্ঞা অমান্য করে যারা নদীতে নেমেছেন তাদের বিরুদ্ধে মৎস্য আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।জেলেদেরকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আশা করছি ইলিশের উৎপাদন আরো বৃদ্ধি পাবে।
বরিশাল নৌ-পুলিশ বিভাগ বলেন, ‘বিগত বছরের তুলনায় এ বছর নদীতে বেশি মাছ থাকায় অসাধু জেলেরা ছিল বেপরোয়া। নৌ-পুলিশের কঠোর তৎপরতার কারণে অধিকাংশ জেলে মাছ ধরা থেকে বিরত ছিল। এবার দ্বিগুনের বেশি জেলেকে আটক করে জেল-জরিমানা করা হয়েছে। অসাধু জেলেদের জেল-জরিমানা করাসহ বিপুল পরিমাণ জাল ও ইলিশ জব্দ করেছে প্রশাসন।’










