আতিকুর রহমান, ঝালকাঠিঃ-
আজ ০৪ কার্তিক। বাংলা পঞ্জিকায় শুরু হয়েছে হেমন্তকাল। দরজায় কড়া নাড়ছে হেমন্তের নবান্ন। শান্ত-নীবর প্রকৃতি। নদী-খালে কমতে শুরু করেছে বর্ষার পানি। তবে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিনের বেলা তাপমাত্রা যেন কমার সম্ভাবনাই নেই।
এদিকে, শীতকালের বাকি আরও দুই মাস। এর আগেই প্রকৃতিতে শীতের আভাস কুয়াশা এসে হাজির। ইতোমধ্যে শেষ রাতে শীত অনুভব হচ্ছে দেশের দখিনের উপক‚লীয় জেলা ঝালকাঠিতে। নদী বেস্টিত ও সমুদ্র উপক‚লীয় জেলায় আগাম শীতের দেখা মেলেছে। ইতোমধ্যেই এ অঞ্চলে গত ১০ থেকে ১৫ দিন থেকে শুরু হয়েছে শীতের আগমনী বার্তা।
মধ্যরাতের পর থেকে কুয়াশা পড়ছে। সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন গাছের ডগা, কলাপাতা ও ধান ক্ষেতে শিশির জমে থাকার দৃশ্য দেখা গেছে। গভীর রাতে বৈদ্যুতিক পাখা বন্ধ রেখে শরীরে হালকা কাঁথা ও কম্বল জড়াতে হচ্ছে। এ অঞ্চলে আগাম শীতের দেখা পাওয়ায় শীতকাল আসামাত্রই শীতের তীব্রতা বেড়ে যাবে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।










