মো. আতিকুর রহমান, ঝালকাঠিঃ-
ইলিশ ধরার নিষেধাজ্ঞা শুরু হয়েছে ৭অক্টোবর থেকে। ১২দিন পরে ১৮ অক্টোবর আমাদের ২৫ কেজি করে চাল দেয়া হয়েছে। তাও আবার আমরা সবাই পাইনি। অর্ধেক পরিমাণ ইলিশ শিকারীরা পেয়েছি। আমাদের প্রত্যেকের সংসারে ৪/৫জন করে লোক আছে। নামে মাত্র চাল দিলে আমরা তার সাথে তরকারী ও তেল-মসলা পাবো কোথায়? সমিতি থেকে নেয়া আছে কিস্তি, তাও পরিশোধ করতে উত্তোলনকারীরা চাপ দিচ্ছে। অন্যকাজ করবো তাও পারছি না, এখন আমাদের মরণ অবস্থা হয়েছে। অনাহার/অর্ধাহারে স্ত্রী-সন্তান নিয়ে দিনাতিপাত করতে হচ্ছে। একথাগুলো ক্ষোভের সাথে জানালেন ঝালকাঠি জেলে পল্লীর মৎস্যজীবী ওধির মালো। শুধু ওধির মালো একাই না, এভাবে প্রত্যেক জেলেরই রয়েছে অমানবিক কষ্ট।
মা ইলিশ নিষিদ্ধ সময়ের মৎস্য বিভাগের তালিকাভূক্ত জেলেদের ভিজিএফ চাল প্রদান সহায়তা কার্যক্রম মঙ্গলবার দুপুরে শুরু হয়েছে। জেলায় নিবন্ধিত ৬হাজার ৮শত ৮৩ জেলের মধ্যে ভিজিএফ চাল সহায়তা পেয়েছেন ৩হাজার ৮শত ৫০জন। ঝালকাঠি পৌরসভা থেকে পৌর এলাকার জেলেদের ভিজিএফ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। এসময় পৌর প্যানেল মেয়র তরুন কর্মকার, তাছলিমা বেগম, কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, হাবিবুর রহমান হাবিল, এসএম আলআমিনসহ পৌর কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গত ৭অক্টোবর থেকে আগামী ২৮অক্টোবর পর্যন্ত ২২দিন ইলিশের প্রজনন নির্বিঘœ করতে দেশজুড়ে চলছে মাছ ধরায় নিষেধাজ্ঞা। এতে অলস সময় কাটাচ্ছেন সারা দেশের মতো দক্ষিণ উপকূলীয় জেলা ঝালকাঠির জেলেরাও। কিন্তু বেকার এসব জেলের সংসারের ব্যয়ভার বহনের পাশাপাশি মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে দাঁড়িয়েছে দাদন ও এনজিও থেকে নেওয়া ঋণ। জেলেদের অভিযোগ কোনো ধরনের উপার্জন না থাকলেও কিস্তি পরিশোধে চাপ দেওয়া হচ্ছে। তাই নদীতে নামতে না পারার এই সময়ে এনজিওর কিস্তি বন্ধ ও বিকল্প কর্মসংস্থানের দাবি জানিয়েছেন তারা।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, গত গত ৭অক্টোবর থেকে আগামী ২২দিনের এ নিষেধাজ্ঞা চলবে ২৮অক্টোবর পর্যন্ত। এ সময় ইলিশ আহরণ, বাজারজাতকরণ, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। সেই নিষেধাজ্ঞাকে মান্য করে জাল ও নৌকা নিয়ে নদীতে নামছেন না জেলেরা। যারা নামছে তাদের ধরে আইনের আওতায় দন্ড দেয়া হয়েছে। ৭অক্টোবর মধ্যরাত থেকে শুরু হওয়া অভিযানে ১৮ অক্টোবর সকাল ৭টা পর্যন্ত ৯জনকে একবছর করে কারাদন্ড, ২৯লাখ ৮হাজার ৪শ মিটার জাল জব্দ করে তা লোকালয়ে জনসম্মুখে পুড়িয়ে ফেলা এবং উদ্ধারকৃত ১৫০ কেজি ইলিশ বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে বলে তথ্য নিশ্চিত করেছেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ।
বন্ধ হয়ে গেছে নদীকেন্দ্রিক সব মৎস্য আড়ৎ, মাছ ঘাট। থেমে গেছে মহাজন আর ইলিশ শ্রমিকদের হাঁকডাক। বেকার হয়ে পড়েছেন ইলিশের ওপর নির্ভর থাকা জেলে। বেকারত্ব এই সময়ে পুরনো ছেঁড়া জাল আর নৌকা মেরামত করে অলস সময় পার করছেন জেলেরা। এমতাবস্থায় কারও ভাগ্যে দুই বেলা খাবারও জুটছে না ঠিক মতো। নিষেধাজ্ঞার এই সময়ে সরকার থেকে খাদ্য সহায়তা দেওয়া হলেও তা পরিমাণে খুবই অপ্রতুল।
জেলেরা জানান, ইলিশ ধরার জাল আর উপকরণ কিনতে প্রতি বছর চড়া সুদে ঋণ নিতে হয়। তারপর ঋণদাতা মহাজন আর বেপারির কাছেই তুলনামূলক কম দামে বেচতে হয় রূপালি ইলিশ। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই দেনার বোঝা টানছেন অনেকে জেলে। এর মাঝে আবার এনজিও ঋণের চাপে হতে হয় দিশেহারা।
সরেজমিন ঘুরে দেখা গেছে, জেলেরা নদীতে যেতে না পারায় নদীর পাড়, বেড়িবাঁধ, রাস্তার পাড় কিংবা বাড়ির উঠানে বসে জাল মেরামত করে অলস সময় পার করছেন। এ কারণে জেলে পরিবারগুলোতে বর্তমানে আর্থিক অনটন চরমভাবে দেখা দিয়েছে। নিষিদ্ধ এই সময় এনজিও ঋণের চাপে দিশেহারা হয়ে পড়ছেন জেলেরা। নিষেধাজ্ঞার এই সময় সরকারের পুনর্বাসনের সহায়তা বৃদ্ধি ও এনজিও ঋণের কিস্তি বন্ধের অনুরোধ করেন তারা। ষাটোর্ধব নবদীপ মালো বলেন, ‘ইলিশ ধরার মৌসুমের আয় দিয়ে কোনোরকম সংসার চলে। কিন্তু এ বছর ইলিশ ধরাও পড়েছে কম। এ পর্যন্ত আমাদের শুধু লোকসানই হয়েছে। আগামী দিনে বিপদ আরও বাড়বে বলেই মনে হচ্ছে। কী করব, বুঝে উঠতে পারছি না। এ বছর শুধু মাছ ধরার সরঞ্জাম কিনতে ঋণ নিয়েছি প্রায় তিন লাখ টাকা। পরিবার-পরিজন নিয়ে খেয়ে-পরে বাঁচতে বাড়তি দেনাও করতে হচ্ছে। এর মাঝে কিস্তি পরিশোধ করা প্রায় অসম্ভব।’
একাধিক জেলে জানান, মাছ শিকারের জন্য প্রতি বছর বিপুল টাকা এনজিও থেকে ঋণ করতে হয়। কিন্তু বেকার এই সময়ে ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে আবারও ঋণের আশ্রয় নিতে হয়। এভাবে একটার পর একটা ঋণে জালে আটকে পড়ার কারণে আর কখনো মিলে না মুক্তি। তাদের দাবি, এই সময়ে যদি ঋণের কিস্তি বন্ধ না করা হয়, তাহলে এই ফাঁদ থেকে আর রেহাই মেলার সুযোগ হয়তো কখনো হবে না। জেলায় ৬ হাজার ৮শত ৮৩জন নিবন্ধিত জেলের মধ্যে সরকারী প্রণোদনার চাল পেয়েছেন ৩হাজার ৮শত ৫০ জনে। সরকারের পক্ষ থেকে প্রণোদনার বরাদ্দ নিবন্ধিত সব জেলেদের সহায়তা পাওয়ার কথা থাকলেও এখনও অনেকে সহায়তা পাননি। ফলে তাদের অনেকটা মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, যাচাই-বাছাইজনিত কারণে মূলত সহায়তা পৌঁছাতে কিছুটা দেরি হচ্ছে। অচিরেই প্রকৃত জেলেদের মাঝে সরকারি বরাদ্দ পৌঁছে দেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে মনপুরা উপজেলায় মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন সময়ের আলোকে জানান, জেলেদের পুনর্বাসনের সহায়তা দ্রুত বিতরণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা অগ্রিম তালিকা নিয়ে যাচাই-বাছাই করে প্রকৃত জেলেদের শনাক্ত করতে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে দেরীতে হলেও প্রকৃত জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
জেলে ফোরকান গাজী বলেন, যহন ইলিশ ধরা বন্ধ থাহে তহন আপনারা আইয়্যা জিগান মোরা মাছ ধরি ক্যা। কিন্তু অবরোধ দেওয়ার আগে সরকার মোগো যে চাউল বরাদ্দ দেছে হ্যা পাইছি কিনা হেইয়ার কোন খোঁজ লন নাই। এহোন ১২দিন পরে পাইছি, আর তহোনই খবর লইতে আইছেন। খালি মাছ ধরার সময় আইলেই আমনেগোরে দেহি। তিনি আরও বলেন, মোগে দেনার শেষ নাই, ঘরে সয়সদয় যা আছেলে হ্যা শেষ, এহন খামু কি। ৬জনের সংসার, ১২দিন পরে চাল পাইছি ২৫কেজি। কেমনে কি করমু হেয়ার দিশা পাইনা।










