মো. সুজন, বেতাগী (বরগুনা)
দীর্ঘ ৯ বছর পর বরগুনার বেতাগী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এবিএম গোলাম কবির ও মাকসুদুর রহমান ফোরকান পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বরগুনা জেলা ও কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে একক প্রার্থী পৌর মেয়র এবিএম গোলাম কবির এবং সাধারণ সম্পাদক হিসেবে ৭ জন প্রার্থীর মধ্যে কাউন্সিলরদের কন্ঠ ভোটে উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকানের নাম ঘোষণা করা হয়।
এর আগে বিকাল ৫ টায় বেতাগী পৌরশহরের বঙ্গবন্ধু পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনের প্রধম অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম গোলাম কবিরে’র সভাপতিত্বে এর উদ্বোধন করেন বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্রদেবনাথ শম্ভু- এমপি।
এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। প্রধান বক্তা ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরগুনা জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির।
উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মাকসুদুর রহমান ফোরকানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম রাব্বানি চিনু, আনিচুর রহমান, বরগুনা-২ আসনের এমপি শওকত হাচানুর রহমান রিমন, সংরক্ষিত মহিলা আসনের এমপি সুলতান নাদিরা ও যুবলীগের কেন্দ্রীয় প্রেসডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।










