ছেলের গলাকাটা লাশ শনাক্তের পর বাড়ি অন্তঃসত্ত্বা মেয়ের মৃত্যু খবর পেলেন এক বাবা। ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের কোশাগোপালপুর গ্রামের ট্রাকের হেলপার আইয়ুব আলীর পরিবারে এমন ঘটনা ঘটে।
জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর রোববার বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি রাস্তার পাশে একটি খাদে পড়ে থাকা অবস্থায় আইয়ুব আলীর মেজো ছেলে রাজিবের (২৬) লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর শুক্রবার সিএনজিচালিত গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি রাজিব। এ ঘটনায় রোববার সকালে কোতয়ালি থানায় একটি নিখোঁজ জিডি করার পর বিকেলে তার লাশ উদ্ধার হয়। দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার সিএনজিচালিত গাড়ি ছিনতাই করেছে বলে পুলিশের ধারণা।
এদিকে ছেলের লাশ উদ্ধারের পর থানায় মামলা করে রাতে বাড়িতে ফিরে ছোট মেয়ে অন্তঃসত্ত্বা বিউটি আক্তারের মৃত্যুর খবর পান তিনি। বিউটির স্বামী ট্রাকচালক মফিজুল ইসলাম শহরের পশ্চিম খাবাসপুরে বিএসএমএমসি হাসপাতালের সামনে থাকে। লিজা নামে ১৫ বছরের একটি মেয়ে রয়েছে তাদের। রোববার বিএসএমএমসি হাসপাতালে যমজ সন্তান প্রসবের সময় মারা যান বিউটি। তার সন্তানরা বর্তমানে শিশু হাসপাতালে চিকিৎসাধীন।
আইয়ুব আলী শেখ বলেন, ‘আমি বাসের হেলপারি করি। আমার ছেলে রাজিব পার্শ্ববর্তী কোমরপুর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া নিয়ে চালাত। গত শুক্রবার সকালে বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হয় রাজিব। এরপর সে আর বাড়িতে ফিরে না-আসায় রোববার সকালে থানায় জিডি করি। পরে সন্ধ্যায় ছেলের লাশ শনাক্ত করে রাতেই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করি। এরপর বাড়ি ফিরে মেয়ে মৃত্যুর খবর পাই।
সালথা থানার এসআই আওলাদ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতেই কোনো একসময় তাকে গলাকেটে হত্যা করে লাশ সড়কের পাশে রেখে সিএনজি নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা একটি হত্যা মামলা করেছেন।










